মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের কলিকাতা-ভোগদিয়া বাজারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা এবং মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে স্থানীয় এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে কলিকাতা-ভোগদিয়া গ্রামীণ বাজার কাঠামো ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন মাওলানা নুরুল ইসলাম। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের সামাজিক উদ্যোগ প্রতিটি গ্রামে নেওয়া প্রয়োজন। শুরু থেকেই সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে মাদক নির্মূল করা অনেকটাই সহজ হতো। মাদকের বিস্তার অব্যাহত থাকলে পরিবার ও সমাজে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই যুবসমাজকে রক্ষায় এখনই সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।
স্থানীয় মসজিদের ইমাম মো. জোবায়ের হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিবাদী হতে হবে। সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে মাদকসেবী ও বিক্রেতারা নিরুৎসাহিত হবে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এলাকাবাসীর পক্ষে বোরহান শেখ বলেন, এলাকার মানুষ ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করা সম্ভব। এ জন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন বেজগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মানিক মিয়া। তিনি বলেন, এলাকায় কারা মাদক সেবন ও বিক্রির সঙ্গে জড়িত, তা অনেকেরই জানা। কিন্তু বিভিন্ন কারণে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হচ্ছে না। মাঝেমধ্যে মাদকসহ কেউ কেউ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও পরে জামিনে বা অন্য প্রক্রিয়ায় বেরিয়ে আসেন। তবে এবার এলাকাবাসী মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছেন। মাদক ব্যবসা ও সেবনের মাধ্যমে একটি চক্র নিজেদের পাশাপাশি এলাকার তরুণ সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আর মেনে নেওয়া হবে না।
মানববন্ধনটি সঞ্চালনা করেন মুজাহিদ মোহাম্মদ রেজাউল করিম।
কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর ভূমিকা, নিয়মিত অভিযান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর চলমান সামাজিক আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানান।