আন্তর্জাতিক ডেস্ক :
থাইল্যান্ড ভিসা আবেদনের জন্য পুলিশ ক্লিয়ারেন্সসহ বাংলাদেশে স্থায়ী বসবাসের বৈধ প্রমাণপত্র দিতে হবে, এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে এই নিয়মটি যে ট্যুরিস্ট বা পর্যটন ভিসার জন্য নয়, সেটি অনেক পেজ বা গণমাধ্যম উল্লেখ না করাতে ভ্রমণপিয়াসুদের মধ্যে ভুল বার্তা পৌঁছেছে।
মূলত দুটি অতিরিক্ত নথি চাওয়া হয়েছে ‘ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা’ বা ডিটিভি আবেদনের ক্ষেত্রে। এর বাইরে ট্যুরিস্ট, মেডিকেল, রিটায়ারমেন্টসহ অন্য কোনো ভিসায় পরিবর্তন আসেনি। ডিটিভি ছাড়া অন্যান্য ভিসার ক্ষেত্রে পূর্বের নথি চাহিদাই কার্যকর রয়েছে।
সোমবার (৩১ আগস্ট) থেকে কার্যকর হতে যাওয়া ডিটিভি ভিসা’র আবেদনকারীদের স্থায়ী বা বৈধ বসবাসের প্রমাণপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।
ঢাকাস্থ রয়্যাল থাই দূতাবাসের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানায়, আবেদনকারী বর্তমানে যে দেশ থেকে থাই ভিসার জন্য আবেদন করছেন, সেই দেশে তার স্থায়ী বসবাস বা আইনিভাবে অবস্থানের স্বীকৃত কোনো সরকারি প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
এছাড়াও আবেদনকারীর নিজ দেশ অথবা তার স্থায়ী বসবাসের দেশ থেকে ইস্যু করা হালনাগাদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিংবা কোনো অপরাধমূলক রেকর্ড নেই—এমন সরকারি সনদ জমা দিতে হবে।
এই সনদটি অবশ্যই মূল ভাষার পাশাপাশি সার্টিফাইড নোটারি পাবলিক ও দক্ষ অনুবাদক দ্বারা ইংরেজিতে থাকতে হবে। ইংরেজি অনুবাদ ছাড়া শুধু মূল ভাষার সনদ জমা দিলে সেটি গ্রহণ করা হবে না।
যারা রিমোট কর্মী, ফ্রিল্যান্সার, ডিজিটাল নোভ্যাড এবং দীর্ঘমেয়াদি অবস্থানকারীদের জন্য ডিটিভি ভিসা বর্তমানে অত্যন্ত জনপ্রিয়। তবে বাংলাদেশ থেকে কিছু অসাধু ব্যবসায়ী এই ভিসা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করেছে বলে অভিযোগ রয়েছে।
ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আগের মতোই যেসব নথি লাগছে সেগুলো হলো- অন্তত ৭ মাসের মেয়াদকৃত পাসপোর্ট, সঙ্গে পুরনো পাসপোর্ট, ৩৫ মিমি*৫০ মিমি সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবির সফট কপি, ভিজিটিং কার্ড, অনাপত্তিপত্র (নো অবজেকশন সার্টিফিকেট), পরিবারসহ ভ্রমণ করলে বৈবাহিক সনদপত্র, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠানের পরিচয়পত্র, ব্যাংক থেকে গত ৬ মাসের লেনদেনের পরিসংখ্যান অথবা অফিস থেকে সেলারি সার্টিফিকেট অথবা পে স্লিপ, ব্যাংকের সলভেন্সি সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র।
থাই দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করে জানানো হয়েছে, ডিটিভি আবেদনের ক্ষেত্রে নির্ধারিত এই দুটি অতিরিক্ত নথি ছাড়া কোনো আবেদন জমা দেওয়া হলে তা অসম্পূর্ণ হিসেবে বিবেচনা করে সরাসরি বাতিল করা হবে।