1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

লালমাইয়ে খালের উপর গড়ে উঠা ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ জলাবদ্ধতা নিরসন ও পানিপ্রবাহ সচলে উপজেলা প্রশাসনের অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন জয়,
কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের কুন্দ্রা দরবেশপাড়া বাজার এলাকায় সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মিত প্রায় ৩৩টি দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল প্রায় ১১টায় পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ভেঙে অপসারণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুব্রত বিশ্বাস দাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, ওসি তদন্ত মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সার্ভেয়ার মোঃ হানিফ মিয়া,উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি খালের স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করা, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমানো এবং সরকারি সম্পত্তি দখলমুক্ত রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলাকালে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং শান্তিপূর্ণ পরিবেশে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়।
ইউএনও সুব্রত বিশ্বাস দাস বলেন, সরকারি খাল ও জলাশয় দখলমুক্ত রাখতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে যাতে পুনরায় কেউ অবৈধভাবে দখল করতে না পারে, সে জন্য নিয়মিত নজরদারি চালানো হবে।
উল্লেখ্য, ডাকাতিয়া নদীর এ উপশাখা খালটি প্রায় পাঁচ মাস আগে বর্তমান কৃষিমন্ত্রী হাজী মোহাম্মদ আমিন-উর-রশীদ ইয়াসিন উদ্বোধন করেন। খালটি শাসনপাড়া, যশপুর, দৌশারিচর, ফাজিলপুর ও দরবেশপাড়া বাজার অতিক্রম করে লাকসামে ডাকাতিয়া নদীর সঙ্গে মিলিত হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, খালটি সম্পূর্ণ দখলমুক্ত থাকলে পানি নিষ্কাশন ব্যবস্থা আরও কার্যকর হবে এবং বর্ষাকালে এলাকার জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..