1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

লালমাইয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও সভাপতিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত “শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও মানসম্মত শিক্ষা নিশ্চিতের আহ্বান”

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

মোঃ জয়নাল আবেদীন জয়,

কুমিল্লার লালমাই উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ এবং বিদ্যালয় ব্যবস্থাপনায় কার্যকর সমন্বয় গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নবগঠিত পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লালমাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া। সভায় সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও নূরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুমা বেগম, মাতাইনকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার খোকন, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাস্টার মো. আবদুল বারি, রাজশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মোজাম্মেল হক, বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, উত্তর দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুল মমিন এবং ভূলইন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হুমায়ুন কবির মজুমদার।
মতবিনিময় সভায় উপজেলার ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, “লালমাই উপজেলার প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত ও যুগোপযোগী করার লক্ষ্যেই আজ সবাইকে নিয়ে মতবিনিময় করা হচ্ছে। শিক্ষার্থীদের একটি অংশ এখনও কাঙ্ক্ষিত ফলাফলের বাইরে রয়েছে। তাদের এগিয়ে নিতে শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
তিনি শিক্ষার্থীদের ঝরে পড়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে অভিভাবক ও শিক্ষকদের সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি তারা যাতে মাদকাসক্তির মতো ক্ষতিকর কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সেদিকেও নজর দিতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইংরেজি, গণিত ও বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে শিক্ষক ও অভিভাবকদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া উপজেলার নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিদের ও প্রধান শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ফুটবল উপহার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..