1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শীর্ষ সন্ত্রাসী আইভীকে তারা মুক্তি দিয়েছে: নাসীরুদ্দীন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত
৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘ভারতীয় বিজেপি সরকার সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটাতে লাখ লাখ ইন্ডিয়ান মুসলমান জড়ো করেছে। কিন্তু আমাদের বিজিবিকে শক্তিশালী করা হচ্ছে না। বলেছিলাম, নিজের জীবন দিয়ে হলেও আওয়ামী লীগের বিচার করবো; কিন্তু নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আইভীকে (সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী) তারা মুক্তি দিয়েছে। আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখানো হবে।’

শনিবার (৬ জুন) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ফল উৎসব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এর আগে বিকাল ৩টার দিকে সভামঞ্চে মোটরসাইকেল নিয়ে আসা অজ্ঞাতনামা এক থেকে দেড়শ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে সভামঞ্চ ও প্যান্ডেল ভাঙচুর করে। এ সময় উপজেলা যুবশক্তির যুগ্ম সদস্যসচিব আল ফারাবিসহ ১০ জন আহত হন।

সভাস্থলে হামলার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘রক্তের ওপর দিয়ে হলেও আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করে ছাড়বো। রক্তের ওপর দিয়ে হলেও বাংলাদেশে আওয়ামী লীগের বিচার করে ছাড়বো। আমরা বাংলাদেশের সংস্কার প্রশ্নে কোনও আপস করবো না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘আপনি সীমান্ত হত্যা নিয়ে অযাচিত সংজ্ঞা দিয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, আমাদের সীমান্ত নিরাপদ করুন, পুলিশ ভাইকে শক্তিশালী করুন। তাদের বেতন বৃদ্ধি করুন, বিজিবিকে শক্তিশালী করুন। যদি তা করতে না পারেন, তাহলে একাত্তরে কেন এত শহীদ রক্ত দিয়েছিলেন। সীমান্ত দিয়ে কেন মানুষ ঢোকে, সেই প্রশ্ন আমরা এই সরকারকে করতে চাই।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের সভাস্থলে বারবার হামলা করা হয়েছে। আমাকে বলা হয়েছিল, এখানে এলে আমার জীবনের ওপর ঝুঁকি হতে পারে। কিন্তু আমি বলেছি, আমার সহযোদ্ধা আহত হবে আর আমি ঘরে চুড়ি পরে বসে থাকব— এটা বাংলাদেশে হবে না। আমরা ঘোষণা দিতে চাই, যেখানেই আমাদের সহযোদ্ধা আহত হবে, যতই ভয় দেখাক না কেন, আমরা শেখ হাসিনার মতো গুন্ডাপান্ডাকে সান্ডা করে আসছি। নতুন কোনো গুন্ডাপান্ডাকে আমরা বাংলাদেশে ভয় পাই না।’

এনসিপি নেতা আরও বলেন, ‘আমাদের বলা হয়েছে, “আপনারা কারও বিরুদ্ধে কথা বলবেন না, নাম নেবেন না”, আমি নাম নিলে তার ক্যারিয়ার শেষ হয়ে যায়। আমি আপনাদের বলবো, আমরা শয়তানের বিরুদ্ধে আছি, আমরা শয়তানকে বাংলাদেশে রাখতে চাই না। যদি আমার ভাইয়ের ওপর হওয়া এই হামলার বিচার না হয়, তাহলে আগামীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করে এর জবাব চাইবো। আমরা আর নতুন কোনো গুন্ডাপান্ডাকে বাংলাদেশে ভয় পাই না।’

অনুষ্ঠানে উপজেলা এনসিপির নেতা ইউছুফ হোসেন, আকাশ আহমেদ, রিদিম আহমেদ, নারায়ণগঞ্জের দফতর সেলের সাখাওয়াত হোসেনসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..