চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা শহরের বাস টার্মিনাল এলাকায় প্রকাশ্য দিবালোকে বাচ্চু শেখ নামের এক ট্রাকচালককে গুলির ঘটনায় সাকের আলী (৩৫) ও মামুন হোসেন (৩৩) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় সাকেরের স্বীকারোক্তিতে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। আটক সাকের আলী শহরের নূরনগর এলাকার সুসাহেবের ছেলে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, গত ২৭ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা শহরের বাসটার্মিনাল এলাকায় প্রকাশ্য দিবালোকে বাচ্চু সেখ নামের এক ট্রাক চালককে গুলি করে পালিয়ে যায় বাকের আলী ও সাকের আলী নামের দুই ভাই। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ছয় রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিনসহ বাকের আলীকে (৩২) আটক করে। এ ঘটনার প্রায় তিনমাস পর গোপন সংবাদে সাকের আলী ও মামুন হোসেনকে আটক করা হলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) কনক কুমার দাস ও সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান।
Leave a Reply