কুমিল্লা ব্যুরো
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছেলের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত শিশুটির নাম খালেদ (৭)। সে উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মোয়াজ্জেম হোসেন স্বপন ভুঁইয়ার ছোট ছেলে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দেবিদ্বার বাবুস সালাম মাদরাসায় শিক্ষক হিসেবে যোগদান করতে এবং ছোট ছেলে খালেদকে একই মাদরাসায় ভর্তি করতে, বাবা মোয়াজ্জেম হোসেন স্বপন ভূঁইয়া মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওনা হন। তাদের মটরসাইকেল দেবিদ্বার আজগর আলী স্কুলের সামনে পৌঁছালে ছেলে খালেদ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। এ সময় অপরদিকে থেকে আসা একটি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply