নিজস্ব প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে সরকারের দেয়া বিনামূল্যে বিতরণের জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিভিন্ন শ্রেণির এক ট্রাকভর্তি বই জব্দ করেছে পুলিশ। এ সময় ঘটনার সাথে সম্পৃক্ত অমৃত মোদক (৫৬) ও মো. সেলিম মিয়া (৫২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বইগুলো নিয়ে অভিযুক্তরা অন্য কোন জায়গায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত মধ্যরাতে ঝিনাইগাতী বাজার এলাকা থেকে ট্রাকসহ (ঢাকা মেট্রো ট- ১৪-১৩০৫) বইগুলো জব্দ করা হয়। উদ্ধার করা বইগুলো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দেওয়া ২০২১ সালের জন্য বিভিন্ন শ্রেণীর নানা বিষয়ের নতুন বই। নতুন এই বইগুলোর এখন পর্যন্ত বান্ডেলই খোলা হয়নি। কেজি দরে বইগুলো ক্রয়-বিক্রি হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
আটক অমৃত মোদক উপজেলার ঘোষগাঁও এলাকার মৃত হেমন্ত মোদকের ছেলে ও সেলিম মিয়া ওই উপজেলার রামেরকুড়া এলাকার মৃত গোলাপ হোসেনের ছেলে। তারা দুইজনেই পুরাতন ভাঙ্গারী মালমাল কেনা-বেঁচা করেন।আটকৃতদের দাবি এলাকা ঘুরেঘুরে পুরাতন ভাঙ্গারী মালমাল কেনার ফেরিওয়ালাদের কাছ থেকে এসব বই কেজি দরে কিনে নিয়েছেন তারা। স্থানীয়দের দাবি এত পরিমান নতুন বই বিক্রির সাথে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্বের সাথে দেখার দাবি সচেতনদের।
ঘটনার সত্যতা স্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ঝিনাইগাতী বাজার এলাকা থেকে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির ট্রাকভর্তি প্রায় ৩ হাজার ৭০০ কেজি ওজনের বই জব্দ করা হয়েছে। এসময় ট্রাকসহ দুইজনকে আটক করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, শিক্ষা বিভাগে বই আসার পর সেগুলো চাহিদা অনুয়ায়ী নির্ধারিত শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়। কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান চাহিদার চেয়ে বেশী বই নিয়ে বাড়তি বই বিক্রির সাথে জড়িত থাকতে পারে। এটি বড় একটা অপরাধ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন এই বই কেনাবেচার সাথে স্থানীয় বা বাইরের কোন শিক্ষা প্রতিষ্ঠান জড়িত থাকতে পারে। কোথা থেকে সরকারি এই সম্পদ নতুন বইগুলো বিক্রি হয়েছে তা জানা জরুরি। থানায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে। ঘটনার তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply