আন্তর্জাতিক ডেস্ক :
ইরান যুদ্ধ এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২৫০০ কোটি) মার্কিন ডলার খরচ হয়েছে বলে দেশটির আইনপ্রণেতাদের জানিয়েছেন পেন্টাগনের অর্থ বিভাগের প্রধান কর্মকর্তা জুলস হার্স্ট।
বুধবার যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির শুনানিতে হাজির হয়ে তিনি এই তথ্য দেন।
২৫ বিলিয়ন ডলারের সিংহভাগই যুদ্ধাস্ত্র বাবদ খরচ হয়েছে বলে জানান তিনি।
এদিকে, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বাজেট বাড়িয়ে এক দশমিক পাঁচ ট্রিলিয়ন ডলার করার প্রস্তাব করেছে ট্রাম্প প্রশাসন। বাজেট বাড়ানোর বিষয়টির যৌক্তিকতা তুলে ধরার জন্য এখন যুক্তরাষ্ট্রের হাউস আর্মড সার্ভিসেস কমিটির সামনে হাজির হতে হয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর এবারই প্রথম মার্কিন আইনপ্রণেতাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন হেগসেথ।
বুধবার শুনানিতে তার সঙ্গে অংশ নিয়েছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা ড্যান কেইন।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর দীর্ঘ অবরোধের জন্য প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি বৈঠক মি. ট্রাম্প এই নির্দেশ দিয়েছেন, কারণ তিনি ইরানের অর্থনীতি ও তেল রপ্তানির ওপর চাপ অব্যাহত রাখতে চান।
এক্ষেত্রে ইরানের বন্দরগুলোর ওপর চলমান মার্কিন নৌ অবরোধ আরও দীর্ঘ হতে পারে বলে জানান কর্মকর্তারা।
ট্রাম্প মনে করেন, ইরানের ওপর পুনরায় হামলা শুরু করার চেয়ে নৌ অবরোধ অব্যাহত রাখাটা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ।
Leave a Reply