ঢাবি প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেয়েদের হলে বিবাহিতদের হলে থাকতে না দেয়ার বিষয়টি ‘নারীর প্রতি বৈষম্যমূলক সিদ্ধান্ত’ উল্লেখ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বুধবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাবির আইন বিভাগের সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মোহাম্মাদ শিশির মনির এ নোটিশ পাঠান। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, প্রোক্টর এবং কুয়েত-মৈত্রী, সামসুন্নাহার ও সুফিয়া কামাল হলের প্রোভোস্টকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়। অন্যথায় এ বিষয় উচ্চ আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের পাঁচটি হলে আসন বণ্টনসম্পর্কিত নীতিমালায় বলা হয়েছে– কোনো ছাত্রী বিবাহিত হলে অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবেন। অন্যথায় নিয়মভঙ্গের কারণে তার সিট বাতিল হবে। শুধু বিশেষ ক্ষেত্রে বিবাহিত ছাত্রীকে চলতি সেশনে হলে থেকে অধ্যয়নের সুযোগ দেওয়া হবে। অন্তঃসত্ত্বা ছাত্রী হলে থাকতে পারবেন না।
আবাসিক হলে বিবাহিত ও অন্তঃসত্ত্বা ছাত্রীদের ক্ষেত্রে বিদ্যমান বিধান বাতিলসহ চার দফা দাবিতে পাঁচটি ছাত্রী হলের প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। সম্প্রতি শামসুন নাহার হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে বিবাহিত দুই ছাত্রীর সিট নিয়ে জটিলতা সৃষ্টি হয়। এরপর থেকেই পাঁচটি ছাত্রী হলের শিক্ষার্থীরা এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে আসছেন।
Leave a Reply