সিলেট প্রতিনিধি:
শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ। একই সঙ্গে পুলিশি হামলার ঘটনা ও চলমান সংকটে প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে অফিসিয়াল ব্যাখ্যা জনসমক্ষে উপস্থাপন করাসহ উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।
আজ রবিবার সকালে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে আমাদের প্রিয় শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে চলেছে।
এমতাবস্থায় শিক্ষক হিসেবে আমরা শুরু থেকেই চলমান সংকট থেকে উত্তরণের জন্য বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি যে, দায়িত্বশীল ব্যক্তিগণ শিক্ষার্থীদের ওপর পুলিশের আক্রমণের ব্যাপারে কোনো অফিশিয়াল ব্যাখ্যা প্রকাশ্যে না দিয়ে কালক্ষেপণের মাধ্যমে অনশনরত শিক্ষার্থীদের জীবন চরম সংকটের মুখে ঠেলে দিচ্ছেন। এছাড়াও আমরা চরম হতাশার সঙ্গে লক্ষ্য করেছি যে, এ সংক্রান্ত একটি তদন্তকমিটি গঠিত হলেও বাস্তবে উল্লিখিত তদন্তকমিটি কোনোরকম অগ্রগতি করেছে বলে দৃশ্যমান হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে তারা আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া যেকোনো ঘটনার দায়ভার কোনোভাবেই প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এড়াতে পারেন না। এমতাবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে যাবতীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিদের প্রত্যেকের অফিশিয়াল ব্যাখ্যা জনসমক্ষে উপস্থাপন করার দাবি জানাই। একইসঙ্গে উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তিদের পদত্যাগেরও জোর দাবি করছি।
Leave a Reply