নিজস্ব প্রতিবেদক
সংসদে আনুপাতিক হারে সাংসদ মনোনীত করে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইন ও নিয়মনীতি বাস্তবায়নসহ সরকারের কাছে ১৩ দফা দাবি জানিয়েছে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল (সিবিআই)।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সিবিআই উদ্যোগে ‘বাংলাদেশের উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এ দাবিগুলো জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের পক্ষে প্রবাসীদের জন্য ১৩দফা দাবি তুলে ধরেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য মীর রাশেদ আহমেদ।
পরে এক প্রশ্নের জবাবে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের আহ্বায়ক আবু আহম্মদ খিজির বলেন, সিবিআই একটা আন্তর্জাতিক সংগঠন। বিশ্বে ১২টি দেশে আমাদের এই সংগঠন আছে। এর প্রত্যেকটি দেশের দূতাবাসের মাধ্যমে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে যায়।
তিনি বলেন, আমাদের প্রজন্ম যারা বিদেশে জন্মগ্রহণ করছে, তাদেরকে স্ব স্ব দেশে দূর্তাবাস থেকে জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেয়ার ব্যবস্থা করতে হবে। এখানে ভালো সংবাদ হচ্ছে, প্রধানমন্ত্রী বলেছেন- এই কাজটি খুব শিগগির শুরু হবে।
১৩ দফা দাবি মেনে নিতে সরকারকে কি কোন সময়সীমা বেঁধে দেবেন কি না- এই প্রশ্নের জবাবে আবু আহম্মদ খিজির বলেন, করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেয়া খুব কঠিন। তবে আমরা আশা করছি, এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা পজেটিভ কোন সাড়া পাবো।
সরকার ১৩ দফা দাবি মেনে না নিলে সিবিআই এর পরবর্তী কর্মসূচি কি হবে- এই প্রশ্নের জবাবে আহম্মদ খিজির বলেন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে দাবিগুলো সেগুলো একটাও অযৌক্তিক না। আর যেকোন দেশে একটি বৃহত্তর অংশ যদি বাইরে থাকে এবং তাদের বৃহত্তর একটা অংশ যদি অর্থনীতিতে আসে তাহলে দেশ ও অর্থনীতির স্বার্থে এই দাবিগুলো সরকার দেখবেন ও মেনে নেবেন।
সিবিআই এর ১৩ দফা দাবিগুলো হলো:
প্রবাসী ও তাদের সন্তানদের নিজ নিজ দেশে বাংলাদেশের দূতাবাস কর্তৃক জাতীয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা (দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে স্মার্ট কার্ড নিজ দেশে পাসপোর্ট হিসেবে গণ্য হবে) করতে হবে, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য (স্ব স্ব দেশ দূতাবাসের মাধ্যমে, পোস্ট এবং অনলাইনের মাধ্যমে) প্রয়োজনীয় আইন এবং নিয়মাবলী অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করকে হবে, বাংলাদেশ প্রবাসীদের সকল নাগরিক অধিকারসহ পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে, প্রবাসে আহত-নিহত-অসুস্থ বা স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মী বা রেমিটেন্স প্রেরণকারীর পরিবারের জন্য আর্থিক প্রণোদনা- বিধবা ভাতা-শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বিশেষ করে প্রবাসে চুক্তিভিত্তিক কর্মী প্রেরণ পূর্বে সরকারীভাবে বীমার ব্যবস্থা প্রদানসহ স্বাবলম্বী করে দেয়ার জন্য প্রয়োজনীয় আইন ও নিয়মনীতি অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে, প্রবাসীরা যেন বাংলাদেশের উন্নয়নে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও নিরাপত্তা গড়ে তোলা এবং এটি বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলাবাসীদের জন্য আলাদা শিল্পপরিষদ গড়ে তুলতে তাদের আর্থিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় আইন ও নিয়ামাবলী অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে।
এছাড়া বাংলাদেশ সার্বিক উন্নয়নে প্রবাসীদের শিক্ষা, অভিজ্ঞতা, দক্ষতা, কারিগরি জ্ঞান এবং অর্থনৈতিক ক্ষমতার কাজে লাগানো, নিরপেক্ষ বোর্ড গঠনের জন্য পরামর্শ প্রদান, লাল ফিতা সিস্টেম সহজীকরণ এবং আর্থিক বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা এবং বিপণন ক্ষেত্রে পুঁজির নিরাপত্তা এবং দীর্ঘসূত্র বা দীর্ঘ সময় সীমার প্রবণতা তিরোহিত করে নিয়মনীতি অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে, বিদেশে কার্যরত শ্রমিকদের উপর সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে, স্বাবলম্বী রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশের জাতীয় সংসদে কোনো রকম প্রতিনিধিত্ব নাই- সেহেতু জাতীয় সংসদে আনুপাতিক হারে সাংসদ মনোনীত করে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন ও নিয়মনীতি অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে।
‘সিলেট লন্ডন ফ্লাইট অতিসত্বর সরাসরি নন স্টপ ফ্লাইট চালু করার দাবি জানানো হয়েছিল (বাস্তবায়িত), বিদেশে কারাগারে আটককৃত বাংলাদেশী কার্যরত শ্রমিকদের সরকারী উদ্দ্যোগে ও খরচে দেশে ফেরত আনতে হবে, রেমিটেন্স যোদ্ধাদের বৃদ্ধভাতা প্রদান করা চালু করতে হবে, বিদেশে মহিলা শ্রমিক প্রেরণের পূর্বে তাদের যথাযথ নিরাপত্তা ও সংম্ভ্রম রক্ষাতে শ্রমিকর্নীতি প্রণয়ণ করতে হবে এবং বিদেশে মহিলা শ্রমিক যারা নির্যাতিত ও নিপীড়িত প্রয়োজনবোধে তাদেরকে সরকারী খরচে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে।’
আবু আহম্মদ খিজির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিবিআই এর সদস্য সচিব ডা. মাহমুদুর রহমান মান্না, প্রতিষ্ঠাতা সদস্য নুরুল আমিন, সদস্য এসএস নাসির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন
Leave a Reply