নিজস্ব প্রতিবেদক :
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ডিএনসিসি’র অধীনে দেওয়া উচিত। তাহলেই সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে নগরীর যানজট সহনীয় পর্যায়ে আনা সম্ভব হবে।
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র আতিক বলেন, রাস্তা সিটি কর্পোরেশনের, কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব অন্য ডিপার্টমেন্টের। এই কারণেই কোথাও নিয়ন্ত্রণ থাকছে না। আমি চাই নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা ডিএনসিসি’র অধীনে দিয়ে দেওয়া হোক। এর ফলে আমরা সমন্বিতভাবে ট্রাফিক ব্যবস্থাপনা করতে পারবো।
তিনি বলেন, ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটাইজেশন করতে হবে। হাতের ইশারায় ট্রাফিক সিগন্যাল থেকে বেরিয়ে এসে লাইটিংয়ের মাধ্যমে আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার প্রয়োগ করতে হবে।
তিনি আরো বলেন, রাজধানীর উত্তরখানের পুলারটেকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ডিআরইউ বহুমুখী সমবায় সমিতির নামে আবাসন প্রকল্প বাস্তবায়নের জন্য কাজ করছে। ডিএনসিসির আওতাধীন এলাকার এই আবাসন প্রকল্পটিতে পরিকল্পিত ড্রেনেজ, সেন্ট্রাল ডাক্টিং সিস্টেম এবং লাইটিংয়ের ব্যবস্থা থাকতে হবে।
এসব ব্যবস্থাপনা উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে বাস্তবায়নের আশ্বাস দেন মেয়র।
সংগঠনের সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থপতি মোবাশ্বের হোসেন। সংগঠনের সহ-সভাপতি নাদিরা কিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আবুল হোসেন।
অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, সাংবাদিক নেতা জাকারিয়া কাজল, রিপোর্টার্স ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারণ সম্পাদক কাজী ইমরুল কবীর সুমন ও প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের স্ত্রী শারমিন সুলতানা রীনাসহ সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন।
Leave a Reply