নিজস্ব প্রতিবেদক :
কোভিড-১৯ মহামারির কারণে দুই বছর স্থগিত থাকার পর অবশেষে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এ আর রহমানের কনসার্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে ‘ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০’ অনুষ্ঠানে পারফর্ম করবেন অস্কার বিজয়ী এই সঙ্গীতশিল্পী। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঞ্চে তিন ঘণ্টা গান গাইবেন কিংবদন্তি সংগীত শিল্পী এ আর রহমান। তিনি অন্তত ৩৫টি গান গাইবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বলেন, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আর রহমান। অনুষ্ঠানে শুধুমাত্র এ আর রহমানেরই অংশ থাকবে তিন ঘণ্টার। প্রায় ৩৫টি গান গাইবেন তিনি।
তিনি আরো বলেন, এছাড়া, আমাদের স্থানীয় শিল্পী আছেন। মমতাজ আপা, যিনি একজন সংসদ সদস্য, তিনি এবং আরো দুই বা তিনজন স্থানীয় শিল্পী পরিবেশন করবেন। মঞ্চে জাতীয় সঙ্গীতও হবে। আমরা পুরো অনুষ্ঠানটিকে দু’টি ভাগে ভাগ করেছি।
কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সাড়ে ৬টার দিকে অনুষ্ঠানে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। এরপর সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত, তিন ঘন্টা সহশিল্পীদের নিয়ে পারফর্ম করবেন এ আর রহমান। এ সময় এই বিখ্যাত সংগীত শিল্পী বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি গান গাইবেন। একটি বাংলায়, অন্যটি হিন্দিতে।
এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন এ আর রহমান। রোববার রাতে ২৪০ জনের একটি বহর নিয়ে ঢাকায় আসেন তিনি।
২০২০ সালের মার্চে কনসার্টটি আয়োজন করার কথা ছিল বিসিবির। এমনকি এশিয়া একাদশ এবং বিশ্ব একাদশের মধ্যে দু’টি টি-২০ ম্যাচও হবার কথা ছিলো। টি-২০তে বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, লোকেশ রাহুল, ক্রিস গেইলের মতো তারকাদের খেলার কথা ছিলো। কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে পরিকল্পনা বাতিল হয়।
দুই বছর পর সেই উৎসব আলোর মুখ দেখতে পেলেও, তারকা খেলোয়াড়রা বর্তমানে নিজ নিজ জাতীয় দলের সিরিজ নিয়ে ব্যস্ত থাকায়, ম্যাচ দু’টি আয়োজন করা সম্ভব হচ্ছে না। তবে বিসিবি জানিয়েছে, ভবিষ্যতে ম্যাচ দু’টি আয়োজনের চেষ্টা করা হবে।
Leave a Reply