নিজেস্ব প্রতিবেদক:
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় গণসংগীত উৎসব। উৎসবের তৃতীয় আসর এটি। এবারের উৎসবের স্লোগান হলো ‘গণসংগীতের অঙ্গীকার- সাম্য সম্প্রীতির বাংলাদেশ।’
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গণে বুধবার (৩০ মার্চ) সকালে উৎসবের উদ্বোধন করেন। আগামী শুক্রবার (১ এপ্রিল) পর্যন্ত চলবে এ আয়োজন।
ঢাকার ১৬টি এবং সারা দেশের ২৪টিসহ মোট ৪০টি গণসংগীত ভিত্তিক সাংস্কৃতিক সংগঠন এই উৎসবে অংশ নিয়েছে বলে জানা গেছে।
উদ্বোধন পর্বে শেষে ‘মুজিব আমার স্বপ্ন সাধন মুজিব আমার পিতা’, ‘মানুষের মাঝে বসবাস করি’ এবং ‘এই সূর্যের উদয়ের পথ’ এই তিনটি গান সম্মিলিতকণ্ঠে পরিবেশন করেন ঋষিজ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা। অজিত রায়ের গান পরিবেশন করে চট্টগ্রামের সংগঠন অভ্যুদয়, শ্রমজীবী মানুষের গান পরিবেশন করে পটুয়াখালীর সুন্দরম, সাম্রাজ্যবাদী গান পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠী।
বঙ্গবন্ধুকে নিবেদিত গান পরিবেশন করে আওয়ামী শিল্পীগোষ্ঠী। বর্ণবাদবিরোধী গানে অংশ নেয় ঢাকার আনন্দন এবং শেখ লুৎফর রহমানের গান পরিবেশন করে ঢাকার সংগঠন সমন্বয়।
এছাড়াও এককসংগীত পরিবেশন করেন তিমির নন্দী, অলক দাশগুপ্ত, শ্রেয়সী রায় ও ফারহানা রহমান কান্তা।
Leave a Reply