বিনোদন প্রতিবেদক:
সিলেট ও সুনামগঞ্জ বন্যায় বিপর্যস্ত। বন্যার্ত মানুষের হাহাকার এসে বিঁধছে রাজধানীতে বসবাস করা মানুষের বুকেও। রাজধানীর মানুষরা ছুটছেন সিলেট-সুনামগঞ্জের দিকে, অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে।
ছুটে গেছেন অভিনেতা রিয়াজ, নিপুণ, সাইমন সাদিক, অনন্ত জলিল, ডিপজল, মাহিয়া মাহি, তাশরীফ, সোলায়মান সুখন ও অমানুষ চলচ্চিত্র টিম।
এবার সিলেটে পাশে দাঁড়াতে চাইছেন কণ্ঠশিল্পী অর্ণব। নিজের আঁকা ছবি বিক্রি করে ও গান গেয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াবেন কাঠ গোলাপের গায়ক।
নিজেই ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে জানিয়েছেন, আগামী ২৭ জুন অলিয়ঁস ফ্রঁসেসে অর্ণব ও তার বন্ধুবান্ধবরা গাইবেন। সেই অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ ও নিজের আঁকা ছবি বিক্রি করে যে টাকা পাবেন তা সিলেট ও সুনামগঞ্জের মানুষের জন্য ব্যয় করবেন।
অর্ণব বলেন, আমি অর্ণব। আগামী ২৭ জুন সোমবার সন্ধ্যায় আমি ও আমার বন্ধুরা আগামী ২৭ তারিখে অলিয়ঁস ফ্রঁসেসে গাইব। এই আয়োজন থেকে সংগৃহীত টাকা যাবে সিলেট অঞ্চলের বন্যার্তদের পুনর্বাসনের জন্য। সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চল তাহিরপুর থেকে ঘর তোলার কাজ শুরু করা হবে। এ ছাড়া আমার আঁকা ছবি নিয়ে একটি প্রদর্শনী হবে। সেখান থেকে বিক্রি হওয়া অর্থও যাবে সেই ফান্ডে।
Leave a Reply