মেহেরপুর প্রতিনিধি:
বাজারে গরুর মাংস যেখানে সাড়ে ৬০০ টাকা কেজি। সেখানে মাইকিং করে ৪০০ টাকা কেজি দরে বিক্রি করছিলেন গরুর পচা মাংস। মাইকিং শুনেই খোঁজ নেন মেহেরপুর বিশুদ্ধ খাদ্য আদালতের কর্মকর্তারা।
শনিবার (১৩ আগস্ট) মেহেরপুরের বড় বাজার এলাকায় মাইকিং করে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে শুকুর আলীর নামের এক মাংস ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেন বিশুদ্ধ খাদ্য আদালতের কর্মকর্তারা।
পরে বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহর আদালতে নিলে ওই মাংস ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন তিনি। তার বিরুদ্ধে বিশুদ্ধ খাদ্য আদালতে নিরাপদ খাদ্য আইনে মামলা হয়েছে।
শুকুর আলী মেহেরপুর শহরের চক্র পাড়ার মৃত মকবুল হোসেনের ছেলে।
সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, বড় বাজারে শুকুর আলী নামে এক মাংস ব্যবসায়ী গরুর পচা মাংস বিক্রি করছেন জানতে পেরে বিশুদ্ধ খাদ্য আদালত সেখানে অভিযান পরিচালনা করে।
এ সময় সেখান থেকে ৫ কেজি পচা মাংসসহ শুকুর আলীকে আটক করে বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম শরিয়ত উল্লাহ্’র আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
Leave a Reply