যশোরপ্রতিনিধি:
ভোর সাড়ে ৪টার দিকে ফজরের নামাজের অজু করতে বের হন ৬৫ বছর বয়সী রুশিয়া বেগম। এর পৌনে এক ঘণ্টা পর বাড়ির পাশে আমগাছে ঝুলতে দেখেন স্বজনরা। উদ্ধারের দুই মিনিটের মধ্যেই তিনি মারা যান। তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি পরিবারের লোকজনের।
শুক্রবার সকালে যশোরের চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নের তজবীজপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে তার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। রুশিয়া একই গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী।
বৃদ্ধার একমাত্র ছেলে শাহিন হোসেন জানান, প্রায় এক বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন তার মা। বৃহস্পতিবার রাতে বাবার সঙ্গে ঘুমাতে যান তিনি। শুক্রবার ভোরে ফজরের নামাজের অজু করতে বেরিয়ে বাড়ির টিউবওয়েলে যান।
এরপর আর না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে বাড়ির পশ্চিম পাশের আমগাছে ঝুলতে দেখেন স্বজনরা। ভোর ৫টা ২০ মিনিটে উদ্ধার করে নিচে নামানোর পরপরই তিনি মারা যান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা জানায়, বৃদ্ধার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তাদের সংসারে ঝগড়া লেগেই থাকতো। প্রায়ই বৃদ্ধাকে মারধর করতেন স্বামী আব্দুল কাদের। এমনকি বৃহস্পতিবারও তাদের ঝগড়া হয়েছে। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের।
চৌগাছা থানার এসআই বিপ্লব সরকার বলেন, লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Leave a Reply