নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় অপহরণ করে বিভিন্ন নারীদের সঙ্গে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ দাবি করায় চারজনকে গ্রেফতার করেছে র্যাব-৫। এ সময় একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে র্যাব-৫ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে শহরের পাটালির মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- শহরের পাটালির মোড় এলাকায় আব্দুর রহিমের ছেলে দুলাল হোসেন, লুৎফর রহমানের ছেলে ইমরান হোসেন হিরা, সদর উপজেলার কাঠ খৈইর এলাকার তাহের আলীর ছেলে হুজুর আলী, হাট-নওগাঁ এলাকার আক্তারুল জামানের ছেলে মেহেদী হাসান রনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ১১টার দিকে ভুক্তভোগী আব্দুস সামাদকে জমির কাগজ দেখানোর নাম করে দুলাল হোসেন ও হুজুর আলী ওরফে ভুনা উভয়েই মিলে অপহরণকারী দুলালের বাসায় নিয়ে আসেন। এরপর ভুক্তভোগীকে নারীর সঙ্গে অশ্লীল ছবি তুলে ও ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায়র নামে তার কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর মুক্তিপণ হিসেবে ভুক্তভোগী তার পরিবারের কাছে ফোন দিয়ে ৭৫ হাজার টাকা নিয়ে অপহরণকারীদের দেন তিনি। পরে অপহরণকারীরা আরো ৭৫ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে অপহরণকারী দুলালের বাসায় আটকে রাখেন তাকে।
আরো জানানো হয়, এমন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি অপারেশন দল অভিযান চালিয়ে মূলহোতাসহ চার অপহরণকারীকে গ্রেফতার করে। এ সময় ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
গ্রেফতার চারজন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে অপহরণ করে দুলাল হোসেনের ভাড়া বাসায় আটকে রেখে বিভিন্ন মেয়েদের সঙ্গে অশ্লীল ছবি তুলে মুক্তিপণ আদায় করতো। এই সিন্ডিকেটের সদস্য সংখ্যা ৮-১০ জন। এর নেতৃত্বে রয়েছে মূলহোতা দুলাল হোসেন।
Leave a Reply