চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটে চলমান আন্দোলনে অবরুদ্ধ ক্লাস রুমের তালা ভেঙে দেওয়ায় শিক্ষকদের ইনস্টিটিউটের ভেতরে রেখে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। ইনস্টিটিউটে সহকারী প্রক্টর মুহাম্মদ ইয়াকুব ও ডেপুটি রেজিস্ট্রার এম এ সাকুরসহ অন্তত ১০ জন শিক্ষককে তালাবদ্ধ রেখেছেন তারা।
রোববার বিকেল চারটায় চারুকলা ইনস্টিটিউটের চলমান আন্দোলন সমাধানে গঠিত কমিটির কাগজপত্র নেওয়ার উদ্দেশ্যে অবরুদ্ধ ক্যাম্পাসে প্রবেশ করেন ১০ শিক্ষক। শিক্ষার্থীরা জানান, আন্দোলনকারীদের অনুমতি নিয়েই শিক্ষকরা প্রবেশ করেন। তবে কাগজপত্র নেওয়ার নামে ক্লাস রুমের তালা ভাঙতে থাকেন তারা। এ সময় বিভিন্ন রুম থেকে একাধিক ফাইল সংগ্রহ করতে থাকেন তারা। যাকে চলমান আন্দোলনের বাধা হিসেবে মনে করছেন শিক্ষার্থীরা। পরে তালা ভাঙার প্রতিবাদে শিক্ষকদের অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থী মাসরুর আল ফাহিম বলেন, শিক্ষকদের প্রতি সম্মান রেখে আন্দোলন চলাকালীন সময়েও আমরা তাদের প্রবেশ করতে দিয়েছি। কিন্ত তারা আমাদের আন্দোলন ভেঙে দেওয়ার উদ্দেশ্যে অবরুদ্ধ ক্লাস রুমের তালা ভাঙছেন এবং একাধিক ফাইল নিয়ে যাচ্ছেন। তাই আমরা বাধ্য হয়ে তাদের অবরুদ্ধ করেছি।
তালাবদ্ধ শিক্ষক মুহাম্মদ ইয়াকুব বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেই কিছু কাগজপত্র নিতে এসেছি। এখানে শিক্ষকদের ব্যক্তিগত কিছু ফাইল থেকে গেছে, সেগুলো সংগ্রহ করার জন্যই তালা ভাঙতে হচ্ছে। শিক্ষকরা সঙ্গে করে চাবি আনেননি। ব্যক্তিগত ফাইল তো নিতে হবে। শিক্ষার্থীরা এখানে বাধা দিতে পারে না। এগুলোর একমাত্র উদ্দেশ্য ক্যাম্পাসকে অস্থিতিশীল করা, আর কিছু নয়।
গত ২ নভেম্বর থেকে চলছে চবি চারুকলা ইনস্টিটিউটের আন্দোলন। ২২ দফা দাবি না মানায় শিক্ষার্থীদের এক দফা দাবি এখন চারুকলা ইনস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিতে হবে। এই দাবিতে গত বুধবার থেকেই চারুকলা ইনস্টিটিউটের মূল ফটকে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা। এর ফলে কার্যত আচল রয়েছে এ ইনস্টিটিউটের কার্যক্রম। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সঙ্গে এ বিষয়ে কয়েক দফা বৈঠক করেন। তবে দাবি মেনে নেওয়ার নির্দিষ্ট সিদ্ধান্ত না দেওয়ায় আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের যাত্রা ১৯৭০ সালের ১৯ সেপ্টেম্বর। এরপর ২০১০ সালে নগরের সরকারি চারুকলা কলেজের সঙ্গে এক করে গঠন করা হয় চারুকলা ইনস্টিটিউট। বিশ্ববিদ্যালয় থেকে ২২ কিলোমিটার দূরে নগরীর মেহেদীবাগের বাদশা মিয়া সড়কে এখন এর অবস্থান।
Leave a Reply