চাঁদপুরপ্রতিনিধি:
মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা দেশকে যেমন ভালোবাসি, তেমনি ভাষাকেও ভালোবাসতে হবে। বাংলা ভাষা ভালোভাবে শিখতে হবে ও ব্যবহার করতে হবে। ভাষার বিকৃতি যেন আমরা না করি।
তিনি আরো বলেন, আমাদের অন্তত আরো একটি ভাষা শিখতে হবে। ইংরেজি ভাষা সারাবিশ্বে চলে, সেই ভাষা অন্তত শিখবো। আর কেউ যদি তৃতীয় ও চতুর্থ ভাষা শেখে, তাহলে তো কথাই নেই; সারা পৃথিবীর দরজা তোমার জন্য খোলা।
মঙ্গলবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন অলিম্পিয়াড-২০২২ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভাষার পাশাপাশি তোমাদেরকে আইসিটিও শিখতে হবে। আইসিটিও এখন স্বাক্ষরতার অংশ। এক সময় আমরা শিখতাম ক, খ, এ, বি, সি এবং এক, দুই, তিন। কিন্তু এখন আইসিটির বর্ণমালা শিখতে হচ্ছে। পাশাপাশি তোমাদেরকে বিজ্ঞান-প্রযুক্তি এবং সূক্ষ্ম জ্ঞানের অধিকারী হতে হবে।
দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আজকে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পন্নোয়ন দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। দেশ ডিজিটাল হয়েছে। আগামী দিনে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ হব। তার জন্য স্মার্ট নাগরিক লাগবে, আর সেই স্মার্ট নাগরিক হবে তোমরা। তার জন্য তোমাদেরকে সেই গুণাবলী অর্জন করতে হবে।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন— চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবু সাঈদ।
Leave a Reply