বিনোদন প্রতিবেদক :
বর্তমান সময়ের কন্ঠশিল্পী মৌসুমী মৌ। এবারের ঈদে তার গাওয়া কয়েকটি গান প্রকাশ করা হয়। ঈদের আগে ‘উর্বশী গানের সিঁড়ি’ থেকে প্রকাশিত ‘চুম্বকপ্রেম’ গান নিয়ে দারুণ আলোচনায় এই শিল্পী। গানটির কথা ও সুর করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার প্লাবন কোরেশী।সংগীত আয়োজন করেছেন জিঙ্গেল গুরু রিপন খান।
ঈদের আগে আরো তিনটি মৌলিক গান প্রকাশ পায় তার। মোল্লা জালালের কথা ও সুরে, মান্নান মোহাম্মদের সংগীত আয়োজনে ত্রিতাল মিউজিক থেকে প্রকাশিত হয় ‘কি এমন দোষ করেছি’, জসীমের কথা ও সুরে সংগীতা থেকে বের হয় ‘পিরিতের আঠা’’ এবং লন্ডনপ্রবাসী ড. সোহেল মাসুদের কথা ও সুরে রেইন মিউজিক থেকে রিলিজ হয় ‘অনুরাগের বীণ’। অপেক্ষায় আছে আরো কিছু মৌলিক গান, যা প্রকাশিত হলে তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ হবে বলে তার ধারণা। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে সলো মিক্সড মিলিয়ে প্রায় ২০টি অ্যালবাম বাজারে রয়েছে তার।
ছোটবেলা থেকেই গানের প্রতি দুর্বলতা ফরিদপুরের মেয়ে মৌসুমী মৌ’র। গানে হাতেখড়ি নানা লাল মোহাম্মদ খান ও মা রত্না বেগমের কাছে।শাস্ত্রীয় সংগীতে তালিম নেন ওস্তাদ অশীত দে’র কাছে। প্রখ্যাত বাউল শিল্পী শফি মন্ডল তার ফোকের গুরু। বর্তমানে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তালিকাভুক্ত শিল্পী হিসেবে এখানেই গানের নিয়মিত চর্চা করছেন তিনি। দেশের প্রায় সবক’টি চ্যানেলেই পারফর্ম করেছেন মৌসুমী মৌ।
গানের শিল্পী হলেও টিভি নাটকেও নিয়মিত দেখা যায় তাকে। অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন। মূলত ঢাকায় এসে থিয়েটারের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমেই সাংস্কৃতিক অঙ্গনে জড়িয়ে পড়েন মৌ। এরপর থেকেই সামনের দিকে এগিয়ে চলা।
মৌসুমী মৌ বলেন, ‘ফোক গানে আমি দেশ ও মাটির গন্ধ পাই, তাই ফোক গানই আমার বেশি পছন্দ। ফোকের মতো শেকড় সন্ধানী গান নিয়েই আজীবন যুদ্ধে করে যেতে চাই, মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।’
Leave a Reply