বিনোদন প্রতিবেদক :
কৃষি উন্নয়নে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে নিয়ে দেশবরেণ্য ৬০জন লেখক, গবেষক, চিন্তাবিদ ও পরিজনের লেখায় ‘মাটির মানুষ শাইখ সিরাজ’ নামের একটি বই প্রকাশ হয়েছে। বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে ‘মাটির মানুষ শাইখ সিরাজ’ বইটির প্রকাশ উপলক্ষে এক প্রকাশনা উৎসবের আয়োজন করে প্রকাশনা প্রতিষ্ঠান ‘চন্দ্রবতী একাডেমি’। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা তাদের বক্তব্যে বাংলাদেশের কৃষি উন্নয়নে শাইখ সিরাজের ভূমিকা তুলে ধরেন।
বইটির সম্পাদক ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ‘শাইখ সিরাজ বিশ্ববিদ্যালয়ে আমার সরাসরি ছাত্র ছিলেন। শিক্ষক হিসেবে তার উপর রচিত বইটি সম্পাদনা করতে পেরে আমি আনন্দিত। শাইখ স্বনামে খ্যাত। তার সাফল্য ধারা আরও বিস্তৃত হউক।’
প্রকাশনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান, অর্থনীতিবিদ ড. কাজী খলিকুজ্জামান আহমদ, বিশিষ্ট লেখিকা আনোয়ারা সৈয়দ হক, মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মন্ডল, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য গৌতম বুদ্ধ, বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, ছড়াকার আমীরুল ইসলামসহ দেশের বিশিষ্টজনেরা।
প্রকাশক মোহাম্মদ কামরুজ্জামান কাজল বলেন, ৪৫ ফর্মার চাররঙা ছাপা বইটি বই বিপণি বিতানসহ অনলাইনেও কেনার সুযোগ থাকছে।
প্রকাশন অনুষ্ঠানে শাইখ সিরাজ, তার স্ত্রী সাহানা সিরাজ, পরিবারবর্গ ও বন্ধুজন উপস্থিত ছিলেন।
Leave a Reply