কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মীম আক্তার নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির হাসানপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার দুর্ঘটনার পর ফুটওভার ব্রিজ স্থাপনের দাবিতে মীমের সহপাঠিরা দুই ঘণ্টা সড়ক অবরোধ করে। এতে দুই পাশে ৭ কিলোমিটার জুড়ে যানজট সৃষ্টি হয়।
নিহত মীম আক্তার (১৭) দাউদকান্দির হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও তিতাস উপজেলার লালপুর গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে। এ ঘটনায় আহত মোটরসাইকেল চালক মো. শাফিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী কলেজ শিক্ষার্থী মো. ইউসুফ জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাফিনের মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এসময় রাস্তা পার হচ্ছিল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম আক্তার। মোটরসাইকেলটি পিকআপের ধাক্কা খেয়ে মীমের ওপর এসে পড়ে। মীমকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সড়ক দুর্ঘটনার পরই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে নেমে আসে মীমের সহপাঠি ও কলেজের শিক্ষার্থীরা। এতে করে মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। দুই ঘণ্টা সড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে তারা সরে দাঁড়ায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুল ইসলাম বলেন, সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হন কলেজ শিক্ষার্থী। তার মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। পিকআপটি পালিয়ে গেছে। এখন সড়কে কোন যানজট নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরফাতুল আলম বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
Leave a Reply