বগুড়া প্রতিনিধি,
বগুড়ার গাবতলীতে ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাওন (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাসহ ২ মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হামিদপুর মন্ডল পাড়াগ্রামে খুনের ঘটনা ঘটে।
নিহত শাওন হামিদপুর গ্রামের মিঠু মন্ডলের ছেলে।তিনি পেশায় অটোরিকশা চালক।
গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, হামিদুপুর গ্রামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে রোববার সকাল সাড়ে ১০টায় শাওনের মায়ের সঙ্গে আমজাদ হোসেনের স্ত্রীর ঝগড়া বিবাদ শুরু হয়। খবর পেয়ে অটোরিকশা চালক শাওন বাড়িতে এসে ঝগড়া বিবাদ থামাতে যায়। এ সময় উত্তেজিত হয়ে আমজাদ হোসেন ছুরি দিয়ে শাওনকে বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত শাওনকে চিকিৎসার জন্য গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমজাদ হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৩০) সহ দুই মেয়ে রাজিয়া খাতুন (২৩) ও রাবেয়া খাতুনকে (১৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ আমজাদ হোসেনকে গ্রেফতার করতে বিভিন্নস্থানে অভিযান চালানো হচ্ছে।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply