নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহার টানা তিন দিনের ছুটি শেষে আজ থেকে শুরু হয়েছে অফিস-আদালত। তবুও ফাঁকা রাজধানীর সড়কগুলো। চিরচেনা সেই যানজটে পড়তে হয়নি নগরবাসীকে।
বুধবার (১৯ জুন) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা যায়। অফিস-আদালত খুললেও শতভাগ উপস্থিতি ছিল না।
অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী এখনও অফিসে আসেনি। বাড়তি ছুটি নিয়েছেন অনেকেই। কারণ, একদিন পর আবারও দুই দিনের (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। তাই আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার (২৩ জুন) থেকে রাজধানী চিরচেনা রূপে ফিরতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।
এদিন সরেজমিনে দেখা গেছে, সড়কে বেশি যানবাহন না থাকলেও ছিল রিকশা ও সিএনজি অটোরিকশা। সকালে কিছু গণপরিবহন যাত্রী চাপ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমছে। ধোলাইপাড়, শনির আখড়া, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, গুলিস্তান, পল্টন, শাহবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে এই চিত্র দেখা গেছে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা। নগরজুড়ে এখনো চলছে ছুটির আমেজ।
ফাঁকা শহরে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছেন তানভীর খান। তিনি বলেন, মিরপুর থেকে বন্ধুরা মিলে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছি। ফাঁকা রাস্তায় বাইক নিয়ে ঘুরতে বেশ ভালো লাগে। এসময় বাইক চালানোর আসল মজা উপভোগ করা যায় বলেও জানান তিনি।
রাজধানীর প্রায় সব ব্যস্ততম এলাকার চিত্রই এখন এমন। যেসব গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা লেগে যেত, সেগুলো এখন যাওয়া যাচ্ছে কয়েক মিনিটে। শাহবাগ, পল্টন, সচিবালয়, কাকরাইল, মৎস্যভবন, হাইকোর্ট, ধানমন্ডি, ফার্মগেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কারওয়ান বাজার এলাকার সব রাস্তাই এখন ফাঁকা।
তবে এদিনও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। যদিও গত দুদিনের তুলনায় এ সংখ্যা অনেক কম। কমলাপুর ও বিমানবন্দর স্টেশন, গাবতলি ও সায়দাবাদ বাস টার্মিনালমুখী রাস্তায় কিছুসংখ্যক যানবাহন চলতে দেখা গেলেও তা অন্যান্য সময়ের তুলনায় অনেক কম।
ফাঁকা ঢাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। ছিনতাই, ডাকাতি ও চুরির মতো ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ফাঁকা ঢাকার নিরাপত্তা দিতে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে। মোবাইল টহল টিমের পাশাপাশি চেকপোস্ট জোরদার করা হবে। ফাঁকা ঢাকায় যেকোনো অপরাধ দমনে মাঠ পর্যায়ে থাকবে স্পেশাল টিম।
Leave a Reply