চট্টগ্রামপ্রতিনিধি,
চট্টগ্রামের একটি আদালতে হাজিরা শেষ করে গাজীপুর কিশোর সংশোধনাগারে নেওয়ার পথে কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের হেফাজত থেকে জাহিদ হাসান (১৫) নামে এক আসামি পালিয়ে গেছে।
রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার আটগ্রাম ডলি রিসোর্ট হোটেলে এ ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
জাহিদ হাসান কুমিল্লার দাউদকান্দির দত্তবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম ডবলমুড়িং থানার একটি চুরির মামলায় এজাহারভুক্ত আসামি জাহিদ। আদালতের নির্দেশে তাকে দীর্ঘদিন ধরে গাজীপুরের কিশোর সংশোধনাগারে রাখা হয়। রোববার চট্টগ্রামের আদালতে ওই মামলায় তার হাজিরা ছিল। তাই তাকে গাজীপুর মেট্রোপলিটনের হাবিলদার কামরুল ও কনস্টেবল নজরুলের জিম্মায় আদালতে হাজির করা হয়। হাজিরা শেষ করে গণপরিবহনে গাজীপুরে ফেরার পথে বিকেল ৫টায় ওই পরিবহনটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার আটগ্রাম এলাকায় ডলি রিসোর্ট হোটেলে যাত্রাবিরতি করে। এ সময় জাহিদ বাথরুমে প্রবেশ করে। দীর্ঘক্ষণ বের না হওয়ায় দায়িত্বরত পুলিশ বাথরুমের দরজায় কড়া নেড়ে ভেতর থেকে বন্ধ পান। পরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে পুলিশ দেখতে পায় আসামি বাথরুমের ভেন্টিলেটর খুলে পালিয়ে গেছে। খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আশপাশের এলাকায় তল্লাশি চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি।
আসামিকে হেফাজতকারী গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হাবিলদার কামরুল বলেন, চট্টগ্রামের আদালতে হাজিরা শেষে গাজীপুরে ফেরার পথে বাসটি হোটেল ডলিতে যাত্রাবিরতি করে। এ সময় আসামি বাথরুমে যাওয়ার কথা বললে আমরা তাকে অনুমতি দিই। কিন্তু সে কৌশলে বাথরুমের ভেতরের ভেন্টিলেটর খুলে পালিয়ে যায়।
ওসি ত্রিনাথ সাহা বলেন, জাহিদ নামে এক কিশোর আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি গাজীপুর থেকে আমাকে জানানো হয়। খবর পেয়ে আমাদের একাধিক টিম ডলি রিসোর্ট যায়। পরে হোটেলের আশপাশের এলাকায় অভিযান চালিয়েও তাকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply