নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় ২৭ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকেই থেমে থেমে চলছে বিভিন্ন যানবাহন।
মহাসড়কের নারায়ণগঞ্জের মদনপুর থেকে গজারিয়া হয়ে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা পর্যন্ত দীর্ঘ ২৭ কিলোমিটার যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মদনপুর এলাকায় সড়ক দুর্ঘটনা এবং গজারিয়া অংশে একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এছাড়া মহাসড়কে যানবাহনের অত্যধিক চাপ থাকায় স্বল্প সময়ের ভেতর প্রায় ২৭ কিলোমিটার অংশে যানজট তৈরি হয়। ফলে দীর্ঘ সময় যানজটে আটকে থেকে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
এ বিষয়ে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ শেষে প্রচুর মানুষ গাড়ি নিয়ে ঢাকা ফিরছেন। যানবাহনের অত্যাধিক চাপে যানজটের সৃষ্টি হয়েছে। কুমিল্লাগামী লেনে যান চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকাগামী লেনে যানজট রয়েছে।
ঢাকামুখী কয়েকটি গাড়ি বিকল হয়েছে, তাই আরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা রাখি যে রাতের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
Leave a Reply