চকরিয়া প্রতিনিধি
: কক্সবাজার-১ আসনের সাবেক এমপি জাফর আলমকে ৭টি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির তদন্তকারী কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার।
সূত্রে জানা গেছে , জাফর আলম চকরিয়া থানার পাঁচটি ও পেকুয়া থানার দুটি মামলার আসামি। এর মধ্যে চকরিয়া থানার ৫টি মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার ২টি মামলায় ৪ দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
জাফর আলমকে সকাল কাঠগড়ায় তোলা হয়। ৭টি মামলায় শুনানি শেষে তাঁকে কাঠগড়া থেকে নামিয়ে চকরিয়া থানার উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এদিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহিম, সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন ফরায়জী। সমাবেশ থেকে জাফর আলমের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়।
এদিকে জাফর আলমকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে বলে দাবি করে এর প্রতিবাদে মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা
চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. গোলাম সরওয়ার বলেন, চকরিয়া থানার চারটি ও পেকুয়া থানার দুটি হত্যা মামলা এবং চকরিয়া থানার বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় তদন্তকারী কর্মকর্তারা পৃথকভাবে জাফর আলমের ২৪ দিনের রিমান্ড চেয়েছিলেন। আদালত শুনানি শেষে এসব মামলায় সর্বমোট ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের আশপাশে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ বিভিন্ন স্তরে কঠোর নিরাপত্তাবলয় গড়ে তোলে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ১৪ দিনের রিমান্ডের জন্য সাবেক সংসদ সদস্য জাফর আলমকে চকরিয়া আদালত থেকে চকরিয়া থানায় আনা হয়েছে।
Leave a Reply