নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৪৭১ জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।
রোববার (৭ ডিসেম্বর) সকাল ১০টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।
তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীদের মধ্যে ২ লাখ ৩ হাজার ৩৬২ জন পুরুষ ভোটার ও ২০ হাজার ১০৯ জন নারী ভোটার রয়েছেন।
দেশভিত্তিক নিবন্ধনের মধ্যে রয়েছে- সৌদি আরবে ৫১ হাজার ৫৭২ জন, যুক্তরাষ্ট্রে ১৯ হাজার ৫৭৮ জন, কাতারে ১৩ হাজার ৮৯ জন, সংযুক্ত আরব আমিরাতে ১২ হাজার ৪৯২ জন, মালয়েশিয়ায় ১২ হাজার ১১৬ জন, সিঙ্গাপুরে ১২ হাজার ১০৬ জন, যুক্তরাজ্যে ১১ হাজার ১৯৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৫১০ জন, কানাডায় ৯ হাজার ২৬৯ জন, ওমানে ৮ হাজার ৭০৭ জন, অস্ট্রেলিয়ায় ৭ হাজার ৯২৩ জন, ইতালিতে ৭ হাজার ৬০৭ জন এবং জাপানে ৬ হাজার ৯৬৯ জন।
এছাড়া, ইসির এক বার্তায় বলা হয়েছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে ভোট দিতে নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।
আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বাসসকে এ তথ্য জানিয়েছেন।
অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় সঠিক ঠিকানা দেওয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
Leave a Reply