পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ে আর্ন্তজাতিক নার্স দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে সকল নার্সিং কর্মকর্তা ও পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং বাংলাদেশ নার্সেস এ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্বাবধানে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উর্ধ্বতন কর্মকতা, কর্মরত নার্স, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্বাবধায়ক মোছা: আমেনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ( এনেস্থিসিয়া) ডা মনসুর আলম, নার্স কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা বলেন, প্রতিটি স্বাস্থ্য ক্ষেত্রে নার্সরা নিজেদের সর্বোচ্চ দিয়ে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। নার্সরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। অনেক সময় রোগীর স্বজনদের দ্বারা নার্সদের জীবনের নিরাপত্তা অনেক সময় হুমকিতে পড়ে। যদিও সেটি কখনোই কাম্য নয়। এজন্য সরকারের কাছে দাবি নার্সদের ক্ষমতায়ন করা। তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করা।
উল্লেখ্য, স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করার আহ্বানই এবারের মূল বার্তা। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিনকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও দিনটি উদযাপন করছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ।
Leave a Reply