নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জে ৯১০০ লিটার ডিজেল জব্দ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুত করা ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিফাত গাজী নামে এক ব্যক্তিকে দুই মাসের জেল ও ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম ডিপো সংলগ্ন এলাকায় জেলা প্রশাসন ও বিজিবি যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পরে জব্দ করা ডিজেল মেঘনা ডিপোর ডিজিএমের কাছে হস্তান্তর করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন খবরের ভিত্তিতে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ বিজিবি ৬২ ব্যাটেলিয়ন ও থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মজুত করে রাখা ৯ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এর সঙ্গে জড়িত অভিযোগে একজনকে আটক করে দুই মাসের কারাদণ্ড এবং নগদ ছয় হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের আদেশ দেওয়া হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
অভিযানে আরও উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ বিজিবি ৬২ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
Leave a Reply