পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় মকছেদ আলী (৬৩) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধ বার (১ এপ্রিল) দুপুরে উপজেলার ধনিপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মকছেদ আলী উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা এলাকার বাসিন্দা ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মকছেদ আলী তার বাইসাইকেল নিয়ে একটি পকেট রোড থেকে হাইওয়েতে উঠছিলেন। এ সময় বোদা থেকে পঞ্চগড় অভিমুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন বোদা থানায় কর্মরত পুলিশ সদস্য হুমায়ুন কবির। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মকছেদ আলী ও পুলিশ সদস্য হুমায়ুন কবিরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত
চিকিৎসক মকছেদ আলীকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, পুলিশ সদস্য হুমায়ুন কবিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সঞ্জয় কুমার রায় বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই বাইসাইকেল আরোহী মকছেদ আলীর মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ছাড়া আহত পুলিশ সদস্যের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে রংপুরে রেফার করা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাইঘাটা এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের একটি অনাকাঙিক্ষত সংঘর্ষের খবর তারা পেয়েছেন। এতে একজন স্থানীয় বাসিন্দা মারা গেছেন এবং তাদের একজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply