সিলেটপ্রতিনিধি
সিলেটে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা |নয়া দিগন্তঅনলাইন সংবাদপত্র সাবস্ক্রিপশন
সারাদেশের ন্যায় সিলেটেও বাড়ছে হাম আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সিলেটে হামের উপসর্গ নিয়ে দিব্য (৭) নামে আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্যাডিয়াট্রিক আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা: মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু দিব্য নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৫ এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানী হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। সেখানেই শুক্রবার তার মৃত্যু হয়। এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম বা রুবেলা রোগ শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ১৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জে সাতজন (দু’জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আরো ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে পাঁচজন এবং শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছে।
বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১১৬ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছে। এরমধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৫৩ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে তিনজন, পার্কভিউ হাসপাতালে একজন, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঁচজন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ছয়জন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৬ জন এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন শিশু রয়েছে।
ডা: মোহাম্মদ নূরে আলম শামীম দৈনিক নয়া দিগন্তকে জানান, সিলেটে এখন পর্যন্ত তিন শিশুর মৃত্যু দুঃখজনক। এরপরও সারাদেশের তুলনায় সিলেটের পরিস্থিতি তুলনামূলক ভালো রয়েছে। হাম টিকা ক্যাম্পেইন এগিয়ে নিয়ে ২০ এপ্রিল আনা হয়েছে। অভিভাবকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
Leave a Reply