নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় ভাড়া চাওয়াকে কেন্দ্র করে এক শিশুসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যায় চাঁনপুর ইউপি সদস্য মো. সামছুসহ ৭ জনের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের মহিনীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার একই ইউনিয়নের মহিনীপুর এলাকার আবু তাহেরের দুই ছেলে বিল্লাল মিয়া (৪৫) ও হিরণ মিয়া (৬০), মৃত সিদ্দিকুর রহমানের ছেলে তাজুল ইসলাম (৫০) তার শিশু পুত্র মো. সায়েম (৫) ও অহিদ মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫)।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে বিল্লালকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তাঁর বাম হাতের হাড় ভেঙে গেছে বলে জানান স্বজনরা।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে স্থানীয় মন্টু মাঝির নৌকায় করে সওদাগর কান্দি ঘাট হতে মহিনীপুর ঘাটে আসেন চাঁনপুর ইউপি সদস্য মো. সামছু মিয়ার চাচাতো ভাই জয়দর ও ভাতিজা মো. এমরান। ওই সময় তারা নৌকা থেকে নেমে ভাড়া না দিয়ে চলে যাচ্ছিল। এরপর গতিপথ রোধ করে ভাড়া চাওয়ায় মাঝিকে অকথ্য ভাষায় গালমন্দ করেন তারা।
এ ঘটনার প্রতিবাদ করেন মাঝি মন্টুর চাচাতো ভাই মিজানুর রহমান। এরই জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই মেম্বারের নেতৃত্বে ৭/১০ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে এক শিশুসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেন। এ সময় ঘর, আসবাবপত্র ভাঙচুর ও লুট করেন তারা।
এ ঘটনায় জড়িতরা হলেন, উপজেলার চাঁনপুর ইউনিয়নের মহিনীপুর এলাকার বাসিন্দা ও ইউপি সদস্য মো. সামছু তার দুই ছেলে মো. সাইফুল ইসলাম (২২) ও মো. শুভ (২৬), একই এলাকার মৃত হোসেন মিয়ার দুই ছেলে মো. এমরান (৩০) ও সজল মিয়া (২৬), আবুল হাসিমের ছেলে মো. লীল মিয়া (৫৫), জয়দর আলী ও তার ছেলে মো. জুনায়েদ (২২)।
আহত মিজানুর রহমান জানান, প্রতিবাদ করাই মেম্বারের নেতৃত্বে তার ভাই, ভাতিজা ও ছেলে মিলে আমাকেসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। বাড়িঘর ভাঙচুর ও স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।
এ ঘটনায় ছেলে সাইফুল জড়িত থাকার কথা স্বীকার করে চাঁনপুর ইউপি সদস্য মো. সামছু জানান, ভাড়া নিয়েই মারামারির ঘটনা ঘটেছে। বিল্লালের হাতে আঘাত করেছে সাইফুল। এজন্য ছেলেকে গালমন্দ ও শাসন করেছেন বলে জানান তিনি।
রায়পুরা থানার এসআই দেব দুলাল দে জানান, এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply