জবি প্রতিনিধি :
অধ্যাপক ড. ইমদাদুল হক মারা যাওয়ার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের পদটি খালি রয়েছে। চলতি সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির ষষ্ঠ উপাচার্যের নাম ঘোষণা আসতে পারে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
শনিবার (২৫ নভেম্বর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) আবু ইউসুফ গণমাধ্যমে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগ দেয়া হলে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হবে।
প্রচলিত নিয়ম অনুযায়ী, উপাচার্য নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক বা শিক্ষকদের একটি তালিকা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাবনা আলোকে পাঠানো হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর পরামর্শ, নির্দেশনা বা অনুশাসনের আলোকে উপাচার্য নিয়োগের প্রস্তাবনা রাষ্ট্রপতি ও আচার্য কার্যালয়ে পাঠানো হয়। এরপর রাষ্ট্রপতি নিয়োগের চূড়ান্ত অনুমোদনের পর আচার্যের সাচিবিক দায়িত্বে থাকা শিক্ষা মন্ত্রণালয় নিয়োগের আদেশ প্রজ্ঞাপন আকারে জারি করে।
উপাচার্য নিয়োগ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ১০ (১) বলা হয়েছে, উপাচার্য চার বছর মেয়াদের জন্য বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। আর ১০ (২) উপ-ধারায় বলা হয়েছে, উপধারা (১) এ যা কিছুই থাকুক না কেন, উপাচার্য আচার্যের সন্তোষ অনুযায়ী স্বপদে বহাল থাকবেন।
প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে অধ্যাপক ইমদাদুল হকের ক্যান্সার ধরা পড়ে। ১২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সেখানে তার রেডিওথেরাপি সম্পন্ন হয়। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় ১২ অক্টোবর তিনি দেশে ফিরে আসেন। পরে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা গত ১১ নভেম্বর মারা যান।
Leave a Reply