তানিয়া ইসলাম
দীর্ঘ ১৩ বছর পর টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে মামলার আট আসামির মধ্যে তিনজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা আদালত-১-এর বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।
মামলার রায় অনুযায়ী, আসামি সানিয়াত খান বাপ্পা, মো. আজাদ এবং মো. শাহজাহান মিয়াকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মামলার অপর চার আসামি মো. সুজন, মো. সানোয়ার হোসেন, মো. শফিকুল ইসলাম শফিক ও রুজবেল ইমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপর আসামি সঞ্জিত ঘোষকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের নথি অনুযায়ী, মামলাটি টাঙ্গাইল মডেল থানার মামলা নম্বর ১৪, তারিখ ২১ ডিসেম্বর ২০১৩। মামলাটি জিআর ৬৮৮/২০১৩ এবং পরবর্তীতে দায়রা মামলা নম্বর ৫০৬/২০১৯ হিসেবে আদালতে বিচারাধীন ছিল।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি মোহাম্মদ সাইদুর রহমান স্বপন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন এ কে এম শামিমুল আকতার (শামিম) ও অন্যান্য আইনজীবী।
রায় ঘোষণার সময় কয়েকজন আসামি হাজতে ছিলেন এবং কয়েকজন পলাতক ছিলেন। আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় সন্ত্রাসীদের হামলায় দাইন্যা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক নিহত হন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ঘটনার প্রায় ১৩ বছর পর মামলাটির রায় ঘোষণা হলো।