তোফায়েল মাহমুদ ভূঁইয়া
কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জের সীমান্তবর্তী নাথেরপেটুয়া বাজারে ফল বিক্রি নিয়ে সংঘর্ষে চার গ্রামের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের জাগির ও হাতিমারা গ্রামের বাসিন্দাদের সঙ্গে নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের তুগুরিয়া ও পুজকরা গ্রামের মানুষের মধ্যে এ সংঘর্ষ হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ইট পড়ে কিছু পরিবহনের কাচ ভেঙে যায়। সেই সঙ্গে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও দোকানের মালামাল লুটের খবরও পাওয়া গেছে। এছাড়া মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
পরিস্থিতি সামলাতে নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলেন এবং শান্ত থাকার আহ্বান জানান। পরে পুলিশের তৎপরতায় পরিস্থিতি পরে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনার পর কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে কিছুসময় সব ধরনের যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে নাথেরপেটুয়া বাজারে পুজকরা গ্রামের এক ফল বিক্রেতার সঙ্গে জাগির গ্রামের এক নারীর ফল কেনাবেচা নিয়ে কথা-কাটাকাটি হয়। ওই নারী বিষয়টি তার স্বামীকে জানালে তিনি আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে ফল বিক্রেতাকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মনোহরগঞ্জ থানার ওসি মাসুদ আহমেদ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে মনোহরগঞ্জ, লাকসাম ও নাঙ্গলকোট থানা এবং পুলিশ লাইন্স থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।