সরোয়ার আলম, কক্সবাজার :
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩৪ বিজিবির তুমব্রু বিওপির একটি বিশেষ টহলদল গত ৩ অক্টোবর সকাল থেকে সীমান্তের পশ্চিমকুল রুহুলের দোকান-কাটাপাহাড় এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এরই ধারাবাহিকতায় ৪ অক্টোবর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে অত্যাধুনিক থার্মাল ইমেজারের মাধ্যমে সীমান্ত এলাকায় কয়েকজন সন্দেহভাজন চোরাকারবারির গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে বিজিবির ৫-৬ সদস্য তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা একটি মাদক চালান ফেলে রাতের অন্ধকার ও পানির মধ্য দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে লুঙ্গিতে মোড়ানো তিনটি ব্যাগ উদ্ধার করেন। ব্যাগগুলো তল্লাশি করে পাওয়া যায় ৪ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট।
তবে অভিযানের সময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩৪ বিজিবি জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ চোরাচালান বন্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বিজিবি।