1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

মা ইলিশ রক্ষায় পদ্মায় ২২ দিনের নিষেধাজ্ঞা, বন্ধ থাকবে মাছ ধরা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি :

মা ইলিশের নিরাপদ প্রজনন ও নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ করে দিতে আজ মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। এ সময় পদ্মা-মেঘনাসহ দেশের নির্ধারিত ইলিশ প্রজনন অঞ্চল ও অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ বন্ধ থাকবে।
আজ রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হওয়া এ নিষেধাজ্ঞা আগামী ২২ দিন বহাল থাকবে। নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা ছাড়াও ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় এবং বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ নিষিদ্ধ থাকবে।
মানিকগঞ্জের দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা নদীসংলগ্ন এলাকাতেও এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। মা ইলিশ রক্ষায় নদীতে মাছ ধরা বন্ধ রাখার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে নজরদারি জোরদার করা হবে।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির বলেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। নৌপুলিশ, কোস্ট গার্ড, র‍্যাব, জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে যৌথ টহল ও মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার পাশাপাশি ইলিশ পরিবহন, মজুত বা বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আইন অমান্য করলে ১ থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে।
মৎস্য বিভাগ বলছে, প্রজনন মৌসুমে মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়তে পারলে ইলিশের উৎপাদন ও প্রজনন চক্র স্বাভাবিক রাখতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..