1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

পরিত্যক্ত থানা ভবন ও পার্কে মাদক সেবনের অভিযোগ, নিরাপত্তাহীনতায় স্থানীয়রা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিত্যক্ত পুরাতন থানা ভবন ও পদ্মাবতী পার্ক এলাকায় মাদকদ্রব্য সেবন, কেনাবেচা ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। গুরুত্বপূর্ণ দুটি স্থানে সন্ধ্যার পর সন্দেহভাজন ব্যক্তিদের আনাগোনা বাড়লেও কার্যকর নজরদারি না থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও তা বন্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লৌহজং-তেউটিয়া ইউনিয়ন-সংলগ্ন পরিত্যক্ত পুরাতন থানা ভবনটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে। ভবনটির বিভিন্ন কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নোংরা কাপড়চোপড় ও ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। ভবনটি অরক্ষিত থাকায় সেখানে বহিরাগতদের অবাধ যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা জানান, দিনের তুলনায় সন্ধ্যার পর ভবনটির বিভিন্ন কক্ষে উঠতি বয়সী তরুণ, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে যায়। সেখানে মাদকদ্রব্য সেবনসহ নানা অনৈতিক কর্মকাণ্ড চলে বলে তাঁদের অভিযোগ। দীর্ঘদিন ধরে এ অবস্থা চলতে থাকায় আশপাশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
শুধু পরিত্যক্ত থানা ভবনই নয়, উপজেলার পদ্মাবতী পার্ক এলাকাতেও একই ধরনের অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, পার্ক ও এর আশপাশে সন্ধ্যার পর কিছু লোকের সন্দেহজনক আনাগোনা দেখা যায়। সেখানে মাদকদ্রব্য সেবন ও কেনাবেচার পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড চলে বলে অভিযোগ রয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। স্বাভাবিক বিনোদন পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কাও করছেন তাঁরা।
সচেতন মহলের মতে, পরিত্যক্ত সরকারি স্থাপনা এবং জনসাধারণের বিনোদনকেন্দ্র যথাযথ নিরাপত্তা ও নজরদারির আওতায় না থাকলে অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে এসব স্থানে উঠতি বয়সী তরুণ ও শিক্ষার্থীদের যাতায়াত থাকলে তাদের মাদকের সংস্পর্শে আসার আশঙ্কা রয়েছে। এতে তরুণ প্রজন্মের স্বাভাবিক বিকাশ ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।
এ পরিস্থিতিতে পুরাতন থানা ভবন ও পদ্মাবতী পার্ক এলাকায় নিয়মিত পুলিশি টহল, গোয়েন্দা নজরদারি এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি পরিত্যক্ত থানা ভবনটি সংস্কার করে জনকল্যাণমূলক কাজে ব্যবহার অথবা প্রয়োজনীয় নিরাপত্তাবেষ্টনী ও তালাবদ্ধ রাখার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের প্রশ্ন, গুরুত্বপূর্ণ দুটি স্থানে দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ওঠার পরও কেন কার্যকর নজরদারি নিশ্চিত করা হচ্ছে না? জননিরাপত্তা ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেবে?
এলাকাবাসীর প্রত্যাশা, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন দ্রুত উদ্যোগ নেবে। একই সঙ্গে পরিত্যক্ত স্থাপনাটির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পদ্মাবতী পার্কের নিরাপত্তা নিশ্চিত করে এলাকাটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..