নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পেছনে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় নারীসহ আরও অন্তত ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের নারান্দিয়া ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বালুভর্তি একটি বিকল ট্রাক সড়কটির ওপর দাঁড়িয়ে ছিল। ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে ধাক্কা লাগে। এ সময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুইজন যাত্রী মারা যান।
নিহতরা হলেন,ময়মনসিংহ কোতোয়ালী থানার চায়না মোড় এলাকার আব্দুল জলিল (৪৫) এবং নেত্রকোনা সদর উপজেলার আসদআটি গ্রামের শহীদ মিয়া (৪২)। দুর্ঘটনায় নিহত শহীদ মিয়ার স্ত্রী রেজিয়া আক্তার (৪০) সহ দুজন নারী যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শ্যামগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ নান্নু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Leave a Reply