নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার দুপুর দেড়টা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে মনির (৩৫) নামে এক অচেতন যুবককে নিয়ে আসেন তার তৃতীয় স্ত্রী ফাতেমা। ফাতেমার দাবি, তার স্বামী গলায় ফাঁস দিয়েছেন। এ নিয়ে হাসপাতাল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের মধুবাজার এলাকার পাম্পের গলিতে তৃতীয় স্ত্রী ফাতেমার বাসায় থাকতেন মনির। তিনি পেশায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এক চিকিৎসকের গাড়িচালক।
ফাতেমা বলেন, প্রতিদিনের মতো আমি সকালে কাজে যাই। দুপুর ১২টা বাসায় এসে দেখি ফ্যানের সাথে দড়ি বেঁধে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন মনির। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার স্বামী আর নেই।
কেন মনির গলায় ফাঁস দিয়েছেন এমন প্রশ্নের জবাবে ফাতেমা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে কত কিছু হয়। কিন্তু কেন সে গলায় ফাঁস দিল সেটা বলতে পারছি না।
মনিরের গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালিতে বলেও জানান ফাতেমা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
Leave a Reply