টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে ৪২ বছর বয়সী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে থানায় মামলা করেন ভুক্তভোগী নারীর দেবর।
বৃহস্পতিবার রাতে উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের একটি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তেভোগী নারী টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মদ খেয়ে ওই নারীর বাড়িতে যান একই এলাকার টেংগু সরকারের ছেলে দীনা সরকার, নারায়ণ চন্দ্র সরকারের ছেলে মন্টু সরকার ও ময়নাল মিয়ার ছেলে সবদুল মিয়া। পরে ওই নারীকে বাইরে ডেকে এনে ধর্ষণের চেষ্টা চালান তারা। এ সময় নারীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অঙ্গে কামড়ে গুরুতর জখম করেন দীনা সরকার। পরে শুক্রবার সকালে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফরিদ হোসেন বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন অঙ্গে কামড়ের চিহ্ন রয়েছে। ধর্ষণচেষ্টার কথা জানার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ওই নারীর সঙ্গে যা হয়েছে তা খুবই দুঃখজনক। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply