1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

রংপুরের জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অঙ্গীকার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৩ বার পঠিত
২৯

রংপুর ব্যুরো

জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র গঠার লক্ষ্যে সরকার জুলাই সনদের প্রতিটি সুপারিশ বাস্তবায়নে বদ্ধপরিকর বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে কাজ করতে চায়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দুই বছর আগে এদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তার আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ, সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক অভিযাত্রার প্রতি শ্রদ্ধা জানিয়ে সরকার ১৬ জুলাইকে ‘জাতীয় জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। এ দিবসটি শুধু স্মরণ নয়, বরং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার দিন।

আহমেদ আযম খান বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা এবং গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই একটি শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।

জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে রংপুরের জুলাই স্তম্ভে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..