বিনোদন প্রতিবেদক:
চলচ্চিত্রাভিনেতা ইলিয়াস কাঞ্চন। সাবলীল অভিনয় গুণে দর্শকের মন জয় করেছেন অনেক আগেই। চলচ্চিত্রের পাশাপাশি তিনি নাটকেও অভিনয় করেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘বইওয়ালা’ নাটকে অভিনয় করেছেন।
খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কাঞ্চন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জে এস হিমি, সুজন হাবিব, দাউদ নূর প্রমুখ। জানা গেছে নাটকটি আজ রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে।
এ প্রসেঙ্গে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বইওয়ালা’ চরিত্রটি অসাধারণ! এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ। কাজটি করতে গিয়ে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছিল। আশা করি দর্শকদের ভালো লাগবে আমার চরিত্র ও পুরো নাটকটি।এর আগে সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘মরণোত্তম’ নাটকে কাজ করেছিলাম। খুব ভালো একটা কাজ হয়েছিল। প্রচুর সাড়াও পেয়েছি। এ ধরনের কাজ পেলে আরও করতে চাই।’
ইলিয়াস কাঞ্চন অভিনীত সর্বশেষ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়। এরপর নাটকে দেখা গেলেও সিনেমায় অনুপস্থিত ছিলেন তিনি। তবে শিগগিরই তাকে আবারো সিনেমার পর্দায় দেখা যাবে। মুক্তির অপেক্ষায় আছে ‘ফিরে দেখা’ ও ‘নেত্রী দ্য লিডার’ শিরোনামে দুটি সিনেমা।
Leave a Reply