বগুড়া প্রতিনিধি :
৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বগুড়ার শাজাহানপুরে লাখ টাকা মূল্যের আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের বড়পাথার গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার তাতনাজুর গ্রামের মতিউর রহমানের ছেলে জাহিদ হোসেন (৩০), কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর মৃত নূর ইসলামের ছেলে মাহবুবুর রহমান (২৯), বগুড়ার শাজাহানপুর উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কাওসারুজ্জামান (৩০) এবং একই উপজেলার বৃকুষ্টিয়া গ্রামের মহসিনের ছেলে মোস্তফা (৩২)। শাজাহানপুর থানার এসআই আব্দুর রাজ্জাক এ ঘটনায় থানায় ৬ ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শাজাহানপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বড়পাথার গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে বড়পাথার গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছিন আলীর (৩০) বাড়ি থেকে আড়াই কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
এস আই রাজ্জাক জানিয়েছেন, ইয়াছিন আলী নিজ বাড়িতে প্রায় ৯ মাস ধরে মাদক ব্যবসা করে আসছিল।
মাদক ব্যবসায় তার সহযোগী হিসেবে কাজ করছিল বড়পাথার গ্রামের মৃত হায়দার আলীর ছেলে শিবা (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়েছে। মামলায় তাদেরকেও আসামী করা হয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ্ আল মামুন জানিয়েছেন, শুক্রবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Leave a Reply