সাভার প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় চলন্ত ভ্যান থেকে মোবাইল ছিনিয়ে নেয়ার পর ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে থানায় নিয়ে গেলেন পোশাক শ্রমিক সুমাইয়া। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায়। ওই সময় আশুলিয়া থানার সামনে দেখা যায় ছিনতাইকারীকে ধরে নিয়ে এসেছেন ওই তরুণী। তার এমন সাহসিকতা দেখে হতবাক পথচারীরাও।
পোশাক শ্রমিক সুমাইয়ার গ্রামের বাড়ি বরিশালে হলেও সপরিবারে আশুলিয়াতেই বসবাস করছে। অফিস ছুটির পর বাড়ি ফেরার সময় চলন্ত ভ্যানে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
আটক ছিনতাইকারী সুমন সরকার বগুড়া জেলার শেরপুর উপজেলার কৃষ্ণপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পোশাক শ্রমিক সুমাইয়া ভ্যানে করে বাসায় ফিরছিলেন। এ সময় চলন্ত ভ্যান থেকে তার মোবাইল ছিনিয়ে নিলে তিনিও ছিনতাইকারীর পিছু নেন। এরপর বেশ কিছুদূর গিয়ে ধরে ফেলেন ছিনতাইকারীকে। পরে তাকে ধরে আশুলিয়া থানায় নিয়ে আসেন তিনি। তবে ছিনতাইকারীকে ধরতে পারলেও মোবাইলটি এখনো পাননি। ছিনতাইকারী সুমনের দাবি,পালানোর সময় মোবাইলটি ছুড়ে ফেলে দেন তিনি।
আশুলিয়া থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, ছিনতাইকারী হিসেবে যাকে আটক করা হয়েছে, সে মাদকাসক্ত। ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply