কেরানীগঞ্জপ্রতিনিধিঃ
মুফতি মাওলানা আহসান উল্লাহ। ছবি : সংগৃহীত
ঢাকার কেরানীগঞ্জে মুফতি মাওলানা আহসান উল্লাহ নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয় মাহফুজুল কোরআন মাদরাসার পরিচালক ছিলেন। এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিশ ও জাতীয় ইমাম পরিষদ কেরানীগঞ্জ শাখার সভাপতি ছিলেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার কালিন্দী ইউনিয়নের পশ্চিম বড়িসুর মুসলিমাবাদ কামারপাড়া এলাকার একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুফতি মাওলানা আহসান উল্লাহ এই বাড়িটির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন। সোমবার রাতে তিনি তার ফ্ল্যাটের একটি কক্ষে বড় ছেলে মো. ঈসার সঙ্গে ঘুমিয়ে ছিলেন। ভোরবেলা ফজর নামাজের জন্য ঘুম থেকে উঠে বাবাকে বিছানায় দেখতে না পেয়ে অন্য ঘরে খুঁজতে থাকে ছেলে। এ সময় রান্নাঘরে বাবার গলাকাটা মরদেহ দেখে প্রথমে পরিবারকে এবং পরে পুলিশকে খবর দেয় ছেলে।
পুলিশ মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার কথা বলা হলেও এখন পর্যন্ত মৃত্যুর আসল রহস্য জানা যায়নি। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে বলে জানা গেছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির গণমাধ্যমকে বলেন, মরদেহের পাশ থেকে রক্তাক্ত চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইম সিন বিভাগ আলামত সংগ্রহ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply