মৌলভীবাজার প্রতিনিধি।।
“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” — এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে চৌমুহনা পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মেরাজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমনি বহুমুখী হাই স্কুল এন্ড কলেজের অভিভাবক-শিক্ষক সমিতির সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী ও বিশিষ্ট সমাজসেবক এডভোকেট মোস্তাক আহমদ মম।
র্যালি শেষে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এ সময় নিসচা মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, “তেত্রিশ বছর আগে ব্যক্তিগত জীবনের এক গভীর বেদনা থেকে ইলিয়াস কাঞ্চনের শুরু করা এই আন্দোলন আজ সারা দেশের মানুষের আন্দোলনে রূপ নিয়েছে। নিরাপদ সড়ক এখন সময়ের দাবি। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা রোধে প্রশাসনসহ সকলকে একযোগে কাজ করতে হবে।”